১২ ডিসেম্বর ২০১৫

কবিরুল ইসলাম কঙ্ক

রোজ যাই 

রোজ যাই    ইসকুল       রোজ যাই 
তবু কেন     করো এত     হইচই, 
মাঝে মাঝে   পেটে ব্যথা    হতে পারে 
কেন এত     বাড়ি জুড়ে     রই রই। 

ইসকুলে      শুধু লেখা    শুধু পড়া 
মাঝে মাঝে   দিদিদের    বকুনি, 
চিৎকার     মারামারি    হতে পারে 
সবেতেই     তোমাদের    ট্যাটানি। 

প্রতিদিন       এক ঘেঁয়ে      ইসকুল 
মাঝে মাঝে     মন চায়      উড়তে, 
সীমানার        সব বাধা    পেরিয়ে 
পরিদের        দেশে গিয়ে    ঘুরতে। 

রোজ যাই    ইসকুল     রোজ যাই 
যাবই তো    ইসকুল     বলছি, 
সব পড়া      করে দেব   এই নাও 
এক সাথে     সব বই      খুলছি। 




গার্গী মুখার্জী

খেলার মাঠে 

যখন আমি খেলা করি 
মা বলেন, 'খোকা, 
পড়ার সময় খেলা করো 
তুমি ভীষণ বোকা ।' 

বাংলা অংক শক্ত বড়ো 
ইংরাজি নয় সোজা, 
কম্পিউটার আছে সাথে 
আছে ড্রয়িংয়ের বোঝা। 

এত কিছুর পরে যখন   
একটু করি খেলা, 
তোমার বকাবকির ঠেলায় 
কান যে ঝালাপালা । 

পড়ার সাথে তাল মিলিয়ে 
খেলাও দরকার, 
খেলায় হয় শরীর সতেজ 
বজ্রকঠিন হাড়। 

বছর শেষে খেলার মাঠে 
দিতে গিয়ে রান, 
সবার শেষে ছুটবো তখন 
প্রাণ হবে আনচান। 

লংজাম্প আর হাইজাম্পে 
জিততে যদি চাই, 
খেলার সঠিক অভ্যেসটাই 
সহজ সে উপায়। 

পড়া আর খেলা মিলে 
তবেই পূর্ণ  শিক্ষা, 
পড়ার সাথে খেলার মাঠে 
নেব নতুন দীক্ষা। 

অভ্যাসেই বাড়বে সাহস 
দূরে যাবে ভয়, 
পড়ার সাথে খেলার মাঠেও 
হবেই হবে জয়।