১৯ অক্টোবর ২০১৮

শুক্লা মালাকার

থেমে থাকা সময়

অনেকদিন হল
আমাদের কোনো আলো নেই
সন্ধ্যার মেঠোপথে
হারিয়ে যাওয়া দিনের মতো কাল
সময় থেমে আছে ঝাপসা
উজ্জ্বল অতীত
ঘর, বাদা, পুঁইমাচা সবজি ক্ষেত
ভেসে যাওয়া সংসার
তলিয়ে যাওয়ার ইতিহাস

কমলারঙের আকাশ আজও আছে
অনেককাল হল আমাদের জীবনে রোদ্দুর ওঠেনি।

সুদীপ্ত মণ্ডল

খরকুটোও

খরকুটোও জ্বলে গেছে
এই সময়ের দাবাদহে
তোমাকেই আমি আঁকড়ে
ধরেছি এই বিপন্নতায়
এখনো আমি মেঘ হয়ে
ছুঁয়ে যাই তোমাকে
প্রেমে ভালোবাসায়
তোমার বুকে নামে
যেন এক বৃষ্টি ধারা
দেখো মেঘগুলো
কেমন মিশে গেল
তোমার বুকেতে
ধরে রাখো আমায়
ছুঁয়ে  ছুঁয়ে থাকি
এ জীবন ধুয়ে যাক
সহস্রের অশ্রু ধারায়।