০৭ জুন ২০১৬

মহম্মদ সামসুর রহমান

একুশ শতক কিংবা আধুনিক

সেই বনলতার সবুজ দ্বীপ দেখার চোখ আমার নেই
আসতে দেরি হলে তুমি আর অপেক্ষা করোনা,
ভালোবাসার মেধাবী পাঠে এখন শুধু খামখেয়ালি ডেটিং
ফেসবুক,ওয়াটস্অ্যাপ,চাটিং
মুড ভালো নেই কবিতার,আঁতেল মার্কা পদ্যেরও
তোমার প্রেম বড্ড বেলাল্লাপনা।
আমি কনফিউজড;নিদারুণ প্রশ্রয় দিতে গিয়ে
আকাশ ভরা সূর্য তারার মাঝেও এমন সর্বনাশা আশকারা;
বেয়াড়া ঈশ্বরের বুক ছুঁয়ে নেমে যাচ্ছে রোমশ ভালোবাসা।
নিজেকে খুঁতহীন করতে গিয়ে যে নোংরা হাতে পূজা করি,
গুরুতরভাবে তাকে ধুয়ে দিই তরল গন্ধে;
‘নো স্মোকিং’ ফলকের সামনে উৎকট ভাবে নাড়ছি
নগ্ননির্জন_একাকী;
চুমু-বিষের তফাৎ খুঁজতে নির্মাণ থেকে বিনির্মাণে। 










গার্গী মুখার্জী


স্মৃতিপট


হারিয়ে গেছে রাঙা পথে
উদাস বাউল সুর,
চড়া রোদে গাছের ছায়ায়
ভরপুর দুপুর ।

হারিয়ে গেছে রাখাল বাঁশি
গরু ভরা মাঠ,
হারিয়ে গেল জল টলটল
দিঘির বড় ঘাট ।

কোথায় গেল বাঁশের বনে
পাতার শন শন,
বৈশাখী সেই সন্ধে বেলার
সুরেলা কীর্তন ।

হারিয়ে গেছে বাগদি বুড়ি
সেই গ্রাম্য সুখ,
বুকের মাঝে উথালপাতাল
অতৃপ্তি অসুখ ।

হারিয়ে গেল ছোট্টবেলার
সুখের স্মৃতি  যত,
বুকের মাঝে বেদনা জাগায়
ঝরা ফুলের মতো ।