২৫ মার্চ ২০১৭

শুভঙ্কর চট্টোপাধ্যায়

বসন্তরোদ

পলাশবনে রং ধরেছে,
শিমুল ফুলে লাগলো আগুন,
শীতের চাদর ঘুম ভাঙিয়ে
রঙিন হয়ে জাগলো ফাগুন।

আমের শাখে মুকুল এলো,
মনের মধ্যে গানের কলি,
বসন্ত আজ ডাক দিয়েছে,
ফাল্গুনে তাই খেলবো হোলি।

নীল সবুজ আর লাল হলুদে
রাঙিয়ে দেবো দেশদুনিয়া,
আবীরখেলায় উঠবে রেঙে
আমার এবং তোমার হিয়া।

দোলপরবে বসন্ত শেষ
কাঠফাটানো গ্রীষ্ম আসে,
কোকিলডাকা ভোরের সাথে
বসন্তরোদ সবুজ ঘাসে।



অর্ঘ্য দে

মুখ

পাড়ায় ঝুপ ক'রে সন্ধে নামলে
কালো হয়ে আসে তোমার মুখ
তখন-ই আমার ভবিষ্যৎ লোডশেডিং হয়ে যায়
চামচিকির মতো তাড়া করে নিজের ছায়া
গুলিয়ে ফেলি ঠিক আর ভুল,
তবু বেহালা না বাজিয়ে
যুক্তি সাজাতে থাকি

ভোরের ঘোলাটে অন্ধকারে হলুদ আলো গুলে দিয়ে
                          রেলগাড়ি সিটি মারছে